হাসিনা-পুতিন বৈঠক হবে গোয়ায়

ভারতের পর্যটন নগরী গোয়ায় অনুষ্ঠেয় ব্রিকস-বিমসটেক আউটরিচ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এতে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে নির্মিতব্য পরমাণু বিদ্যুৎকেন্দ্র ও নিরাপত্তা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। প্রেসিডেন্ট পুতিন আগামী বছর বাংলাদেশ সফর করবেন।
ব্যাংককে আসিয়ান কো-অপারেশন ডায়ালগের (এসিডি) সাইডলাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মুরগ্লভের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে।
১৯৭১ সাল থেকে বাংলাদেশ ও রাশিয়ার ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মুরগ্লভ বলেন, বাংলাদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি খাতে দক্ষিণ এশিয়ায় রাশিয়ার সর্বোচ্চ বিনিয়োগ। বাংলাদেশের সাথে রাশিয়া দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখতে চায়।
দুই মন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, গোয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে রাশিয়ার প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক এবং দুই দেশের মধ্যে কৌশলগত ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
শাহরিয়ার আলম জাপানের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি উপমন্ত্রীর সাথেও পৃথকভাবে বৈঠক করেন। জাপানিসহ বিদেশী নাগরিকদের জন্য বাংলাদেশে নেয়া কঠোর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে শাহরিয়ার আলম তাকে অবহিত করেন।
জাপানের উপমন্ত্রী নিশ্চিত করেন যে, তার দেশ বাংলাদেশের শক্তিশালী উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা অব্যাহত রাখবে। জাপানের একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফর করবে বলে জানান তিনি।
এ দিকে বাংলাদেশকে এসিডির কানেকটিভিটি, পানি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাবিষয়ক কার্যকরী গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে।




