
এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত তিন ব্যক্তি পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড়ের দক্ষিণে উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন এসআই (নিরস্ত্র) মো. মাজেদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। এসময় উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘুরে পালানোর চেষ্টা করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়।
এরপর সিএনজিতে থাকা চালকসহ তিনজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থেকে চারটি প্লাস্টিকের ব্যাগে থাকা সাতটি পোটলায় মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া ঘটনাস্থল থেকে বগুড়া-থ-১১-৪৫৭০ নম্বরের একটি পুরাতন সবুজ রঙের সিএনজি জব্দ করা হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, পলাতক আসামিদের পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



