
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আদালতের জারিকৃত ১৪৪ ধারা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাট ও রাস্তার জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. জয়নাল আবেদীন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের সঙ্গে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের নতুন বাঘমারা গ্রামের আব্দুস সালাম, তার ছেলে মশিউর ও দিলোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে তিনি সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
অভিযোগে বলা হয়, বাঘমারা মৌজার জে.এল নং–১৯১ ও আরএস দাগ নং–১৫-এর জমিতে চলাচলের রাস্তা রয়েছে, যা দলিল নং–১২৩০ ও দলিল নং–৮১-তে উল্লেখ আছে। সেখানে যথাক্রমে ৪ ফুট ও ৫ ফুট প্রশস্ত রাস্তা সড়ক পর্যন্ত ব্যবহারের কথা বলা হয়েছে।
কিন্তু শনিবার (৭ মার্চ) ভোরে অভিযুক্তরা আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমিতে মাটি ভরাট ও রাস্তার অংশে ঘর নির্মাণের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়। বাধা দিতে গেলে জয়নাল আবেদীনকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগ পাওয়ার পর বিশ্বম্ভরপুর থানার সাব-ইন্সপেক্টর ইসরাফিল হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের কাজ না করার নির্দেশ দেন।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।




