
শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: জান্নাত জামায়াত ইসলামের বাপ-দাদার সম্পত্তি নয়, এটি আল্লাহ প্রদত্ত। শেষ বিচারের দিনে মহান সৃষ্টিকর্তা মানব জাতির ইহকালীন জীবনের ভাল-মন্দ কাজের হিসেব শেষে ভাল কাজের পুরস্কার স্বরুপ জান্নাত ও মন্দ কাজের শাস্তি স্বরুপ জাহান্নাম দিবেন। আর এ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার লোভে জামায়াতে ইসলাম জান্নাতের টিকিট দেয়ার লোভ দেখিয়ে ধর্মভীরু সহজ-সরল মানুষকে ধোকা দিচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা আরো বলেন বিএনপি ক্ষমতায় এলে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল সম্প্রসারণ ও চার লেন রাস্তা নির্মাণ করা হবে। জামায়াত ইসলামী ছোট দল দাবি করে তিনি বলেন, খালি কলস বাজে বেশি। ইসলামকে ধংস করার জন্য জামায়াত যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, রোজা ও পূজাকে তারা এক করে দিয়েছেন।
ধানের শীষের দাইপুকুরিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম, শাহরিয়ার কামাল, শফিকুল ইসলামসহ অন্যরা।




