sliderস্থানিয়

“আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে,কর্মক্ষেত্রে, মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন” — ডা. শফিকুর রহমান

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,“কেউ যদি পেশিশক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখল করতে আসে, তবে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। মামলা করতে এলে বলবেন- শফিকুর রহমানের নামেই মামলা করুন। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,“যুবকরা জুলাই আন্দোলনে না নামলে ২০৪১ সাল পর্যন্ত এ দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়ন করা সম্ভব হতো না। তাই আগামীতেও যুবসমাজকে জেগে উঠতে হবে। এই আন্দোলন ও লড়াই তাদের নিয়েই এগিয়ে নেওয়া হবে। খুব শিগগিরই এই যুবকদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে চাই।”
তিনি আরও বলেন, “আল্লাহর বিধান অনুযায়ী দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে সবার জন্য সমান বিচার থাকবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।”

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন,“স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে বিচারহীনতা ও বৈষম্য বেড়েছে।” তার দাবি, বর্তমানে বিচার ব্যবস্থায় টাকার প্রভাব ও ক্ষমতার দাপট বেশি কাজ করছে। আমরা এমন বিচার ব্যবস্থা চাই যেখানে সাধারণ মানুষের মতো ক্ষমতাবানদেরও একই আইনের আওতায় আনা হবে। অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না।”

দুর্নীতি ও অর্থপাচারের বিষয়ে তিনি বলেন,“দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এই অর্থ জনগণের সম্পদ। তা ফিরিয়ে আনতে আন্দোলন গড়ে তোলা হবে।” একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অতীতে বঞ্চিত অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে। যুবসমাজের উদ্দেশে তিনি বলেন,“বেকার ভাতা নয়, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।” তিনি তরুণদের ভোটাধিকার রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

নারীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে জামায়েত আমির বলেন, এমন বাংলাদেশ গড়তে চান যেখানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং তাদের সম্মানের নিশ্চয়তা থাকবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। জামায়াতে ইসলামীর এই নির্বাচনী জনসভায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button