দারুণ সিরিজের আশা ইংরেজ অধিনায়কের

গত দেড় বছরে ঘরের মাঠে টানা ছয়টি হোম সিরিজ জিতেছে বাংলাদেশ। ষষ্ঠ সিরিজ জয়টি এসেছে গতকাল আফগানিস্তানের বিপক্ষে। সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের বিপক্ষে টাইগারদের জয় এসেছে ১৪১ রানের বিশাল ব্যবধানে। এক এক করে টানা সব সাফল্যে সবচেয়ে গৌরবের জয় পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দেশের মাটিতে অপ্রতিরোধ্য এ দলটিকে সমীহ করতে হলো বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলারকে।
প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রশংসাই করে গেলেন। সেই সঙ্গে দারুণ একটি সিরিজের আশাও তার, ‘সিরিজটি খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে। বাংলাদেশ গত দেড় বছরে দারুণ ক্রিকেট খেলছে, বিশেষ করে তাদের হোম কন্ডিশনে। আমাদের ক্রিকেটাররাও মুখিয়ে আছে খেলার জন্য। আশা করি দারুণ একটি সিরিজ হবে।’
সংবাদ সম্মেলনে সিরিজের প্রসঙ্গ ওঠার আগে নিরাপত্তা নিয়ে উঠলো প্রশ্ন। কারণ, নিরাপত্তাজনিত শঙ্কা দেখিয়েই বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেন ইংল্যান্ডের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইয়োইন মরগান ও দলের অন্যতম ওপেনার অ্যালেক্স হেলস। তবে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টিই ঝড়লো বাটলারের কন্ঠে, ‘আমাদের দলকে খুবই ভালো নিরাপত্তা দেয়া হচ্ছে।’ বাংলাদেশ সফরে এসে একদিন বিশ্রাম নিয়ে আজ বিকাল ৪টা থেকে অনুশীলনের জন্য মাঠে নেমে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে হয়েছে অতিথি দলের অনুশীলন। ফুটবল খেলে ওয়ার্মআপ সেরেই নেটে ব্যাট-বলের অনুশীলন শুরু করেছেন জস বাটলারের দল।
এর আগে বিকাল ৩টা ৪০ মিনিটে কড়া নিরাপত্তায় টিম হোটেল থেকে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে দেয়া হয় ইংলিশদের। স্টেডিয়াম পাড়ায় সফরকারীদের আগমন উপলক্ষ্যে বেলা আড়াইটা থেকে মিরপুরে যান চলাচলে কড়াকড়ি করা হয়। বাংলাদেশে ঘটে যাওয়া দুটি অনাকাঙ্খিত ঘটনার কারণেই এবারের সিরিজে ইংলিশদের এমন নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত শুক্রবার রাতে ঢাকা পৌঁছে ইংল্যান্ড ক্রিকেট দল। শনিবার সারাদিন বিশ্রামে কাটিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। বিশ্রামের ফাঁকে টিম হোটেলের অদূরে কুর্মিটোলায় গিয়ে গলফ খেলেছেন জস বাটলার-মঈন আলীরা।
মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। টাইগারদের বিপক্ষে ইংলিশদের প্রথম ওয়ানডে ৭ অক্টোবর মিরপুরে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৯ অক্টোবর। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল।
সূত্র : বাসস




