
বুধবার রাতে পাকিস্তান শাসিত কাশ্মিরে সার্জিকাল স্ট্রাইকস চালানোর প্রতিশোধ হিসেবে ৮ জন ভারতীয় সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। দেশটির একটি প্রভাবশালী সংবাদ মাধ্যমে এ দাবি করা হয়েছে। একই সঙ্গে চান্দু বাবুলাল চোহান নামে একজন ভারতীয় সেনাকে আটক করার দাবিও করে পাকিস্তান।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে, লাইন অব কন্ট্রোলে বিনা প্ররোচনায় ভারতের হামলার বদলা নিতেই পাকিস্তান এই ভারতীয় সেনাদের হত্যা করেছে।
এ বিষয়ে পাকিস্তানের জিও নিউজ নামের টিভি চ্যানেলে ক্যাপিটাল টক নামের একটি অনুষ্ঠানে সাংবাদিক হামিদ মীর দাবি করেন যে, দুটি ভিন্ন এলাকায় মোট ১৪ জন ভারতীয় সেনাকে হত্যা করা হয়েছে। তার এ দাবির সত্যতা নিশ্চিত করেন পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল ইজাজ আওয়ান (অব.)।
পাকিস্তানের গণমাধ্যমটিতে আটক হওয়া ভারতীয় সেনার পরিচয় প্রকাশ করা হয়েছে। সেখানে তার নাম উল্লেখ করা হয়েছে, চান্দু বাবুলাল চোহান, বাবার নাম- বাসান চোহান, বয়স- ২২. চান্দু বাবুলালের বাড়ি ভারতের মহারাষ্ট্রে বলে দাবি করা হয়েছে।
এ দিকে পাকিস্তানি সেনাবাহিনীর বরাতে গণমাধ্যমটি বলছে, নিহত সেনাদের মৃতদেহ নেয়ার কোনো চেষ্টাই করেনি ভারতীয় সেনারা, যদিও দেহগুলো সীমান্তের কাছেই ফেলে রাখা হয়েছে। পাকিস্তান দাবি করছে, পাকিস্তানি আর্মিদের প্রতিরোধের ভয়েই হয়তো মৃতদেহ নিচ্ছে না ভারতীয় সেনারা।




