
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিয়ামতপুর উপজেলা মডেল মসজিদে নওগাঁ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, এই দেশের কোটি মানুষের প্রত্যাশা। বেগম জিয়া বাংলাদেশের প্রাণ, জাতির গণতন্ত্র সংগ্রামের প্রতীক। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।
দোয়া কর্মসূচির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের সুদৃঢ় ভবিষ্যৎ এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করা হয়।




