
প্রেস বিজ্ঞপ্তি:আমি উখিয়া উপজেলার করইবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন ভিডিওর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
ভাইরাল হওয়া উক্ত ভিডিওতে যে বক্তব্য ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া, একপাক্ষিক এবং সত্যের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ককে পুঁজি করে পরিকল্পিতভাবে আমার সম্মানহানি এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
আমি দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে জানাতে চাই—
আমি কখনোই কোনো ব্যক্তিকে অপহরণ,মাদক দিয়ে ফাঁসানো কিংবা কোনো ধরনের ক্ষতিসাধনের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলাম না এবং বর্তমানে নেই।
ভাইরাল ভিডিওতে যে যুবককে দেখানো হয়েছে, সে নিজ উদ্যোগে তথাকথিত ‘স্বীকারোক্তি’ নামক একটি নাটক সাজিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। উল্লেখ্য, মূলত ইউনুস আমার আত্মীয় ছোট ভাই। আমাদের পারিবারিক ঐক্য ও সামাজিক অবস্থান নষ্ট করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয়ভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
আমি মনে করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের ভিডিও ছড়িয়ে দেওয়া একপ্রকার ডিজিটাল সন্ত্রাস, যা সমাজে অস্থিরতা, বিভ্রান্তি ও পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি করে।
আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি— এই মিথ্যা, অপপ্রচারমূলক ও মানহানিকর কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনের শাসনই শেষ কথা। অপপ্রচার ও সাজানো নাটকের মাধ্যমে কাউকে সমাজে হেয় করার সুযোগ কোনোভাবেই দেওয়া যায় না।




