sliderস্থানিয়

কাপাসিয়ায় বাজারে ক্যাশিয়ারের ওপর হামলা ও ছিনতাই, জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া বাজারে ইজারাদারের ক্যাশিয়ারের ওপর হামলা, নগদ অর্থ ছিনতাই এবং সরকারি রাজস্ব আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া বাজারে বর্তমান ইজারাদারের পক্ষে ক্যাশিয়ার মাহবুব হাসান সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বিপুল অংকের রাজস্ব পরিশোধ করে তারা বাজারের ইজারা গ্রহণ করলেও একটি স্বার্থান্বেষী মহল শুরু থেকেই তাদের কাজে বাধা দিয়ে আসছে।

তিনি অভিযোগ করেন, গত ২০ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে কাঁচা বাজারে টাকা কালেকশনের সময় ইলিয়াস হোসেনের নেতৃত্বে রাকিব হোসেন, মনির হোসেন, আতিক, দীপক দাস ও শফিকুল ইসলামসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মেরে আহত করে এবং ইজারার নগদ ২ লাখ ৭২ হাজার ৩৫০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে বর্তমান বাজার ব্যবসায়ী সমিতির কমিটিকে‘অবৈধ’ ও ‘পকেট কমিটি’ উল্লেখ করে বলা হয়, কোনো নির্বাচন ছাড়াই গত ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাতের আঁধারে এই কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এই চক্রটি সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছে এবং প্রান্তিক কৃষকদের উচ্ছেদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। পাশাপাশি ইজারাদারের লোকজনের ওপর হামলা চালিয়ে বাজারে ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— হামলাকারী ও টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, অবৈধ ব্যবসায়ী কমিটি বাতিল করে বৈধ নির্বাচন, প্রান্তিক কৃষকদের উচ্ছেদ বন্ধ এবং ইজারাদারের জান-মালের নিরাপত্তা ও সরকারি রাজস্ব আদায়ের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা।

নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে মাহবুব হাসান প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button