কুড়িগ্রামে চিরনিদ্রায় সৈয়দ শামসুল হক

সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের দাফন সম্পন্ন হয়েছে। শেষ ইচ্ছানুযায়ী জন্মস্থান কুড়িগ্রাম সরকারি কলেজে মসজিদের দক্ষিণ পাশে তাকে দাফন করা হয়।
এর আগে বেলা ৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কবির লাশ কুড়িগ্রাম সরকারি কলেজমাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে কবির লাশ যৌথভাবে গ্রহণ করেন জেলা পরিষদের প্রশাসক জাফর আলী, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবদুল জলিল, জেলা পুলিশ সুপার তবারক উল্লাহ ও কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন। এ সময় কবির স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, ছেলে দ্বিতীয় সৈয়দ হক, পুত্রবধূ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
কলেজ মাঠে ৪টা ১০ মিনিটে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। ৪টা ৪৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়।
এ সময় সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. জাফর আলী, পৌরসভার মেয়র আবদুল জলিলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সৈয়দ শামসুল হক মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। নয়া দিগন্ত




