
জনি আহমেদ,নিয়ামতপুর প্রতিনিধি: নিয়ামতপুরে নায্যমূল্যে সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকেরা। চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে সার পৌঁছে দিতে জোরদার মনিটরিং কার্যক্রম চালাচ্ছেন কৃষি অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার বিভিন্ন সার ডিলার ও খুচরা দোকানে দোকানে গিয়ে সার মজুদ,সরবরাহ ও বিক্রয় মূল্য তদারকি করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নিয়ামতপুর বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার মেসার্স শরিফুল ইসলাম ও মেসার্স রেজাউল হাসান এর বিক্রয় কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
মনিটরিং চলাকালে ডিলারদের নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। কোথাও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেন প্রশাসন।
কৃষকেরা জানান, আগের তুলনায় এখন সহজেই নায্যমূল্যে সার পাওয়া যাচ্ছে। এতে চাষাবাদে স্বস্তি ফিরে এসেছে এবং উৎপাদন ব্যয় কিছুটা কমবে বলে আশাবাদী তারা।
উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বলেন, সার নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম সহ্য করা হবে না, অনিয়মের প্রমাণ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান,কৃষকদের স্বার্থে সার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার রেজাউল করিম,অফিসার ইনচার্জ হাবিবুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।




