
রতন রায়হান, রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে হারাগাছ থানার একটি বিশেষ অভিযানে ডাবু দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮-এর ৯৩ ধারায় তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটে (২৩ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে। হারাগাছ থানাধীন হরিরামমল গ্রামের মোঃ এরশাদুল ইসলাম নয়ন-এর পতিত জমিতে কয়েকজন ব্যক্তি ডাবু দিয়ে প্রকাশ্যে জুয়া খেলছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ডিসি ক্রাইম-এর নির্দেশনা ও হারাগাছ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম এবং তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে জুয়াড়িরা পালানোর চেষ্টা করে। এসময় চারজনকে ঘটনাস্থলেই ধরা হয়। আটক ব্যক্তিরা হলেন— ১. মোঃ গফুর (৪৫), সাং– চওড়ারহাট, ২. মোঃ আফসারুল ইসলাম (৬৫), সাং– হরিরামমল, ৩. মোঃ এহসান উদ্দিন (৫৫), সাং– হরিরামমল, ৪. মোঃ মনারুল ইসলাম (৩২), সাং– ওমর বালাটারী, গংগাচড়া,অভিযানে নগদ ৯০০ টাকা, কালো রঙের একটি ডাবু এবং ছয়টি গুটি জব্দ করা হয়। ঘটনাস্থলেই আলামত জব্দ করে আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আটকরা জুয়া খেলার বিষয়টি স্বীকার করলেও অভিযানে জড়িত আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে। হারাগাছ থানার নন এফআইআর প্রসিকিউশন নং–৪১/২৫, তাং–২৪/১১/২০২৫ খ্রিঃ অনুযায়ী মামলাটি দাখিল করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স। এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ধরনের প্রকাশ্য জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




