
অনুপ্রবেশ চেষ্টার অভিযোগ তুলে পাকিস্তানের সঙ্গে লাগোয়া জম্মু- কাশ্মির সীমান্তে ১০জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে ভারতীয় বাহিনী। ভারতের ধারণা, ভারতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই তারা ঢোকার চেষ্টা করছিলো।
শনিবার কাশ্মিরের উরিতে অবস্থিত সেনা ঘাঁটিতে চার হামলাকারী ১৭জন ভারতীয় সেনাকে হত্যা করে। ওই ঘটনায় আহত হয় অন্তত ৩৫ জন। পরে সেনাদের পাল্টা হামলায় চার হামলাকারীরও মৃত্যু হয়। ধারণা করা হয়, ও চার হামলাকারীর পিছনে পাকিস্তানের মদদ ছিলো।
ওই ঘটনার দুদিন পর সীমান্তে সন্দেহভাজন ১০জনে হত্যার ঘটনা ঘটলো। তারা আসলেই অনুপ্রবেশকারী ছিলো কিনা, এ বিষয়ে সুনিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, সীমান্তে অন্তত ১৫ জনের একটি দলকে চিহ্নিত করে ভারতীয় বাহিনী। যাদের সঙ্গে ভারী অস্ত্রও ছিলো। এক পর্যায়ে তাদের সঙ্গে ভারতীয়দের গোলাগুলি হয় এবং এতে ১০জন ‘অনুপ্রবেশকারী’ প্রাণ হারান।
বাকিদের ধরতে পারেনি ভারত। ভারতীয় বাহিনীর ধারণা, সীমান্ত এলাকায় আরো ‘সন্ত্রাসী’ লুকিয়ে থাকতে পারে। ফলে সীমান্ত এলাকায় পাহারা আরো জোরদার করা হয়েছে। সব মিলিয়ে এ সব ঘটনায় ক্রমেই চূড়ান্ত তিক্ততার দিকে যাচ্ছে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক।




