
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই সম্মেলন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেগুলো শক্তিশালী করবে বিএনপি। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এ সময় সম্মেলন থেকে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিএনপির নেতাকর্মীদের কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকে সম্মেলনের মধ্য দিয়ে এ জেলায় নতুন একটি বিএনপি গঠন হবে, যে বিএনপি একদিকে নতুন পথ দেখাবে অন্যদিকে গণতান্ত্রিক ঠাকুরগাঁও প্রতিষ্ঠিত করবে।
মির্জা ফখরুল বলেন, মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই সম্মেলন। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব ।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি হলো সেই রাজনীতিক দল যে আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। ফ্যাসিস্ট ব্যবস্থায় বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে। সেগুলোকে আবার নতুন করে গড়ে তোলার জন্য, দেশের সকল রাজনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে বিএনপি।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। সাতবছর আটমাস পর দলীয় সম্মেলন ঘিরে সকাল থেকে উৎসবমুখর ঠাকুরগাঁও জেলার নেতাকর্মীরা। পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভার আট’শ আটজন কাউন্সিলর ভোট দিয়ে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন।




