
নিজস্ব প্রতিবেদক : হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিমেন্ট বোঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ২জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ওই সড়কের সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিমে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের পুত্র আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর থানার কৌরি ঝিটকা গ্রামের মৃত.শেরজন মোল্লার পুত্র মনির হোসেন (৬০)। এ ঘটনায় সিএনজিতে থাকা আহত অপর যাত্রীদ্বয় হলেন-সদর থানার দক্ষিন সেওতা গ্রামের আবুল হোসেনের পুত্র মহসিন (৩২) ও পাবনা জেলার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত.আফাজউদ্দিনের পুত্র শাহজাহান আলী (৬০),
প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকগঞ্জ গামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো উ-১১-২৩২২) সাথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজির (গাজীপুর থ-১১-২৬৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ২ যাত্রী মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর ২ জন। পরে স্থানীয়রা এগিয়ে এসে ৪ জনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন। অপর ২ জন গুরুতর আহতবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক মো.আমিনুল ইসলাম ২ জনের মৃত্যু ও ২ জন আহতের বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




