
রাংগামাটি প্রতিনিধি: আজ ১৭ আগস্ট ২০২৫, রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের পক্ষ থেকে দুইজন সম্মানিত ও প্রিয় যুব সদস্য সোনালি চাকমা এবং মিতু মনি তালুকদার-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি ইউনিটের ভারপ্রাপ্ত যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর। এছাড়া ইউনিটের বিভিন্ন স্তরের যুব সদস্যরা উপস্থিত থেকে বিদায়ী দুই সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, রেড ক্রিসেন্টের যুব কার্যক্রমে সোনালি চাকমা ও মিতু মনি তালুকদার-এর অবদান অনন্য। তারা দীর্ঘদিন ধরে মানবতার সেবায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে গেছেন। বিশেষ করে রক্তদান কর্মসূচি, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা এবং যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ ইউনিটকে সবসময় প্রাণবন্ত করে রেখেছিল।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন তানভীর বলেন,
বিদায়ী দুই সদস্য আমাদের পরিবারের অংশ। তাদের আন্তরিকতা, শ্রম ও নিষ্ঠা আমাদের সবার জন্য প্রেরণার। তারা যে আলোকবর্তিকা জ্বালিয়ে গেছেন, তা ভবিষ্যতের যুব সদস্যদের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী দুই সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রেড ক্রিসেন্টে কাজ করার অভিজ্ঞতা তাদের জীবনে অসাধারণ শিক্ষা হয়ে থাকবে। তারা মানবতার এই মহৎ সংগঠনের সাথে যুক্ত থেকে যে সময় অতিবাহিত করেছেন, তা ভবিষ্যৎ জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে।
অনুষ্ঠান শেষে এক মিলনমেলার মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা পর্ব সমাপ্ত হয়।




