
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঝালকাঠি ও নলছিটিতে সক্রিয় ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত)। ছাত্রলীগের ঝালকাঠি জেলাসহ নলছিটি শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
১৫ আগষ্টকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত গভীর রাতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে জেলা উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত গভীর রাতে যে কোনো সময় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলাধীন বিসিক শিল্প এলাকা, প্রতাপ, বরইতলা, ভৈরবপাশা, ষাটপাকিয়া, শ্রীরামপুর, আমিরাবাদ এলাকার সড়কের পাশে থাকা বিভিন্ন মাইলফলকে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে এ পোস্টার লাগানো হয়।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, ‘পোস্টারগুলো কারা লাগিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি অনুসন্ধান করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
জানা গেছে, রাতের আঁধারেই এসব পোস্টার লাগানো হয়েছে। ঘটনার পরপরই বরিশাল-ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে অবস্থিত ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। পাশাপাশি টহলে রয়েছে জেলা পুলিশের বিভিন্ন টিম। পুলিশের বিশেষ নজরদারি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও চলছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুবিন জানান,‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাতের আঁধারে পোস্টারিং করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। গণঅভ্যুত্থানের পর তাদের সাহস নেই প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি করার, তাই “চোরের মতো” রাতের আঁধারে পোস্টার লাগিয়েছে।’
এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্টারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঝালকাঠির বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। যারা পোস্টার লাগিয়েছে, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম জানান, ‘মহাসড়কে টহল পুলিশ কর্তব্যরত থেকে দায়িত্ব পালন করছে। হয়তো রাতের আঁধারে কেউ চোখ ফাঁকি দিয়ে পোস্টার লাগিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে যারা এ কাজ করেছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে।



