
ঝালকাঠি প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির ‘নলছিটি প্রেসক্লাব’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নলছিটি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কর্মসূচি প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, ভারপ্রাপ্ত সহসভাপতি শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাইদুল কবির রানা ও সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্যু।
বক্তারা বলেন, নির্মম নির্যাতন করে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন চালানো হচ্ছে। সত্য ঘটনা তুলে ধরলেই সাংবাদিকদের ওপর হামলা হয়। এ ধরণের হামলা, মামলা, নির্যাতন ও হত্যা বন্ধ করা না হলে সাংবাদিকরা রাজপথে কঠোর কর্মসূচি দিবে বলেও মানববন্ধন থেকে হুশিয়ারি দেওয়া হয়। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন করার জন্য সারকারের কাছে দাবী জানান বক্তারা।



