
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের সীমান্তবর্তী এলাকায় বাউন্ডারি ওয়াল ভেঙ্গে জমি দখলে ব্যর্থ হয়ে আল মারুফ নামে এক মুদি ব্যবসায়ীকে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের
লোকজন। এ ঘটনায় শুক্রবার ধামরাই ও আশুলিয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, ধামরাইয়ের ভাড়ারিয়া গ্রামের জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, আব্বাস আলী ও শাহ আলম সিকদার দীর্ঘদিন আগে দক্ষিন শিমুলিয়া মৌজায় ১৮শতাংশ জমি ক্রয় করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সম্প্রতি কান্টাপাড়া এলাকার জাফর সাদিক, পিয়ার আলী,ইকবাল, শরিফ, সজিবসহ ৭-৮ জন মিলে ওই জমির বাউন্ডারি ওয়াল আংশিক ভেঙ্গে জমি দখলের চেষ্টা চালায়। এসময় মৃত আব্বাস আলীর ছেলে মুদি ব্যবসায়ী আল মারুফ বাধা দিলে তাকে হত্যার চেষ্টা চালায় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। একই ঘটনায় জমি দখলে বাধা দিলে শহিদুল ইসলাম ও জয়নাল আবেদীনের ছেলে আবুল হোসেনকেও হত্যার হুমকি দেয় এবং তাদের কাছেও চাঁদা দাবি করে।
এ ঘটনায় আবুল হোসেন ও শহিদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার আশুলিয়া ও ধামরাই থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। তারা জানান, হামলাকারীদের হুমকিতে চারটি পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনার বিষয়ে শনিবার ধামরাই থানার এসআই কাজী রেজাউল হক বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাউন্ডারি ওয়াল ভাংচুরের ঘটনাটি আশুলিয়া থানা এলাকায় এবং বসত বাড়িতে গিয়ে হত্যার হুমকির ঘটনাস্থল ধামরাই থানায় এলাকায় হওয়ায় দুই থানায়ই অভিযোগ করেছেন তারা।
বিষয়টি মিমাংসার জন্য ঊভয় পক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা আসেনি।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




