
ঝালকাঠি প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টে ঝালকাঠির নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ মে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশিচত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল(৫৮) এবং মগড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম (৩৭)।
মামলা সূত্রে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা ২০১৮ সালের ২৫ ফেব্রæয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি দলীয় কর্মী মো. আজমল হোসেনসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে খুনের উদ্দেশ্যে নলছিটি শহরের চায়না মাঠের পূর্ব পাশের এলাকায় লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় মো. আজমল হোসেন এবছরের ২৫ ফেব্রুয়ারি ২৬ জনকে নামীয় এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। (নলছিটি থানার মামলা নং-১২, জিআর-২৫/২০২৫,তারিখ-২৫/০২/২০২৫ ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারি অপরাধ দ্রুত বিচার আইন-২০০২এর২(অ),(ই)(উ)/৫,তৎসহ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪৩৬ পেনাল কোড।)
নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম জানান, গ্রেফতার আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।




