sliderমহানগরশিরোনাম

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না, চলছে সংস্কারকাজ

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে বলে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না; সংস্কার করছে গণপূর্ত অধিদপ্তর।

২০২৩ সালে ‘ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন’ শীর্ষক একটি প্রকল্প ১২ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়। সংস্কারের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেড। আগামী জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা।

সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা যায়, স্মৃতিসৌধের কয়েকটি অংশের ইট খুলে ফেলা হয়েছে; স্তম্ভের ওপর ছড়িয়ে রয়েছে ভাঙা অংশ। কিছু অংশের প্লাস্টারও খসে পড়েছে। এর পরই অনেকে অভিযোগ করেন, বুদ্ধিজীবীদের স্মৃতিচিহ্ন মুছে ফেলছে অন্তর্বর্তী সরকার।

তবে স্মৃতিসৌধের সংস্কারকাজে কর্মরত সাইট ইঞ্জিনিয়ার আতোয়ার রহমান বলেন, এটি ভাঙা হচ্ছে না। প্রতিবছরই রং করা হয়। এবারও ইটগুলো খুলে নতুন ইট লাগানো হচ্ছে। তবে ডিজাইনে কোনো পরিবর্তন হবে না।

মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, সংস্কারকাজের জন্য মিরপুর কবরস্থানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। বেদির দিকে ঢালু হয়ে নেমে আসা চারটি দেয়ালের মতো কাঠামোর ইটের আস্তর যান্ত্রিক হাতুড়ি দিয়ে খোলা হচ্ছে। স্মৃতিসৌধের বেদির চারদিকে থাকা এমন চারটি দেয়ালের মধ্যে তিনটির আস্তর খোলার কাজ চলমান। স্মৃতিসৌধের সামনে কংক্রিটের নতুন ব্লক এনে রাখা হয়েছে।

ঢাকায় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু হলে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে রাখা হয়। কিন্তু মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংস্কারের এমন কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি। এ কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছেন।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখভালের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের। সংস্থার ভাষ্য, স্মৃতিসৌধকে নতুন করে সাজানো হচ্ছে। এ জন্য পুরোনো ইটের আস্তরণ যান্ত্রিক হাতুড়ি দিয়ে খুলে ফেলা হচ্ছে। এখানে নতুন ইট বসানো হবে। সঙ্গে দোতলা মাল্টিপারপাস ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া বর্ষায় যেন পানি জমে না থাকে, সে জন্য ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ছাড়াও নির্মাণ করা হবে রেস্টহাউস।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, স্মৃতিসৌধে দীর্ঘদিন সংস্কারকাজ হয়নি। আগেই প্রকল্পটি অনুমোদন হয়েছিল। এখন সংস্কার করা হচ্ছে। নকশা পরিবর্তন হচ্ছে না, সংস্কারে সবকিছুই আগের মতো রাখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button