আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জানা গেছে, বাংলাদেশ ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে তিনি আগামী সপ্তাহে আসবেন। সফরে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও মত বিনিময় করবেন, পেশাজীবী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের একটি প্রতিনিধিদলের সঙ্গে।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর খসড়া সফরসূচি অনুযায়ী তিনি ২৯ আগস্ট সকালে ঢাকায় আসবেন। তবে ওইদিনই ঢাকা থেকে দিল্লিও যাবেন তিনি। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জন কেরির সম্ভাব্য সফরসূচি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।
জানা যায়, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের পূর্বপ্রস্তুতি হিসেবে চলতি মাসে কয়েকবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরির এটি প্রথম ঢাকা সফর। এর আগে ২০১২ সালের মে মাসে তৎকালিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। হিলারিও বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, ‘যে কোন দেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর মানেই ওই দেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ ও গুরুত্ব বহন করে। জন কেরির আসন্ন ঢাকা সফরটি বেশ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও জন কেরির সফরটি প্রমাণ করে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে। আমার যেটা মনে হয় জন কেরি সন্ত্রাস ও জঙ্গি দমন, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন, বাণিজ্য, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন।’
জানা যায়, ২০১৫ সালের মে মাসে ওয়াশিংটন সফরের সময় জন কেরিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মাহমুদ আলী। সেই সময় ঢাকা সফর করবেন বলে আশ্বাস দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button