আমরা আইনের প্যাঁচে পড়ে গেছি-আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর দুই হত্যাকারীর একজন নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছেন। কিন্তু কানাডা সরকার আইনের মাধ্যমে তাদের দেশের মৃত্যুদণ্ড তুলে দিয়েছে। মৃত্যুদন্ড পাওয়া কোনো অপরাধী সে দেশে গেলে তাদের ফেরত পাঠাবে না। আমরা এ আইনের প্যাঁচে পড়ে গেছি। তবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে।
মঙ্গলবার রাজধানীর নিবন্ধন পরিদফতর প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এই শোক সভার আয়োজন করে। মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহম্মদ শহিদুল হক, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিচালক খান মো. আব্দুল মান্নান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সচিব গোলাম সারোয়ার, উপসচিব সোহেল আহমেদ, উপসচিব কাজী আরিফুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আরেক হত্যাকারী রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তিনি বলেন, আমরা যেভাবেই পারি বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে এনে আদালতের রায় কার্যকর করবোই। কোনোভাবেই বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেবো না।
বঙ্গবন্ধু আমাদের সারা জীবনের জন্য ঋণী করে গেছেন। সোনার বাংলা গড়েই তার ঋণ শোধ করতে হবে।
আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে অন্য কোথাও যেতে হবে না, শুধু সংবিধান পড়লেই আমরা বুঝতে পারি বঙ্গবন্ধু কী চেয়েছিলেন। তার জীবন আমাদের শেখায় ভালোবাসা কী জিনিস। তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন আর বিশ্বাস করতেন। এই ভালোবাসা আর বিশ্বাসের দুর্বলতা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছিলেন সোনার বাংলা গড়বেন। তার এই লক্ষ্য থেকে তিনি কখনোই বিচ্যুত হননি। খুনিরা বোঝেনি কবরে শুয়ে থাকলেও এই বাংলা সোনার বাংলা হবেই হবে।




