ভারতের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ইতোমধ্যে শতাধিক লোক মারা গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম ও বিহার।
বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। ১০ জেলার ২৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। মহানন্দায় প্লাবনের জেরে জলের নিচে কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া। কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, শিগগিরই পাঁচ জায়গায় মহানন্দার পাড় বাঁধানো হবে। প্রতিদিন বন্যা দুর্গতদের ২০০০ কুইন্টাল খাদ্য শস্য বিলি করবে সরকার।
কৃষি দপ্তরের প্রধান সচিবকে ত্রাণের কাজ পরিদর্শনের নির্দেশও দিয়েছেন তিনি। প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশের অবস্থাও সোচনীয়। এর মধ্যে বাঁধ থেকে ক্রমাগত জল ছাড়া হচ্ছে। ফলে জলমগ্ন তরাই অঞ্চল। পরিস্থিতি মোকাবিলার জন্য ৪১টি ত্রাণ শিবির খুলেছে রাজ্য সরকার।
আসামের পরিস্থিতিও অবনতি হচ্ছে। আসামের সংরক্ষিত বনাঞ্চল থেকে বন্যপ্রাণীরাও সরে যাচ্ছে।




