Uncategorized

মৌসুমের প্রথম ম্যাচেই ধারশায়ী রিয়াল মাদ্রিদ

নতুন মৌসুমের শুরুটা সুখকর হলো না স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের যুক্তরাষ্ট্র পর্বে বুধবার প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৩-১ গোলে হেরে গেছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। তবে পরপর তিনটি ম্যাচে জয় নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে পিএসজি।
যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেডিয়ামের এই ম্যাচের চারটি গোলই হয় প্রথমার্ধে। ফরাসি মিডফিল্ডার জনাথন ইকোনের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়া পিএসজির জয় নিশ্চিত হয়ে যায় বেলজিয়ামের ডিফেন্ডার টমাস মুনিয়ের পাঁচ মিনিটের ব্যবধানে করা জোড়া গোলে। রিয়ালের একমাত্র গোলটি করেন ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো।
২০১৬-১৭ মৌসুম শুরুর আগে রিয়ালের এটাই প্রথম প্রস্তুতি ম্যাচ। অন্যদিকে, ইউরোপের সফলতম দলটিকে উড়িয়ে দেওয়া পিএসজি এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দুটিতেই জয় পায়। ইংল্যান্ডের ওয়েস্ট ব্রমকে ২-১ গোলে হারানোর পর গত রোববার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির দল ইন্টার মিলানকে ৩-১ ব্যবধানে হারায় তারা।
আক্রমণভাগের তিন তারকা ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে ছাড়াই এ ম্যাচে খেলতে নামে রিয়াল। পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো ও ওয়েলসের ফরোয়ার্ড বেল ছুটিতে আছেন। আর বেনজেমা ভুগছেন চোট সমস্যায়।
শনিবার চেলসির বিপক্ষে প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে রিয়াল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button