মানিকগঞ্জে বেইলি সেতুর পাটাতনে ধ্বস, ঝুঁকি নিয়ে চলাচল

মাহিদুল ইসলাম মাহি, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজার সংলগ্ন ইছামতী নদীর উপর নির্মিত বেইলি ব্রিজটির পাটাতনে ধস দেখা দিয়েছে।
ঝুঁকিপূর্ণ সেতু হয়ে হরিরামপুর-ঝিটকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকরা দুর্ঘটনার আশঙ্কা করছেন।
সরেজমিনে দেখা গেছে, বেইলি ব্রিজটির মাঝে স্টিলের তিনটি পাটাতন নড়বড়ে হয়ে পড়েছে। ফলে সেতুর উপর দিয়ে যান চলাচলের সময় বিকট শব্দ হচ্ছে। একপাশে পাটাতন ৩-৪ ইঞ্চি নিচু হয়ে যাচ্ছে (দেবে যাওয়া)।
নড়বড়ে পাটাতনগুলোর মধ্যে দুইটি বেশি ঝুঁকিপূর্ণ। ইজিবাইক, ট্রাক, পিকআপ, সিমেন্ট বোঝাই যানবাহন, মাহিন্দ্র, বালু ও ইট বোঝাই কাকড়া গাড়ি, নসিমন, করিমন সেতুতে উঠলেই যানবাহনসহ পাটাতনটি এক পাশে কাত হয়ে যায়।
এতে পাটাতনটি ধসে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এর পাশেই একটি নতুন ব্রিজের নির্মাণ কাজ চলমান থাকলেও দীর্ঘদিন কাজ বন্ধ রয়েছে ।
স্থানীয়রা জানায়, বেইলি ব্রিজটি ২৫-৩০ বছর আগে নির্মিত। তবে কয়েক মাস ধরে কয়েকটি পাটাতন নড়বড়ে হয়ে গেছে। ৫-৬ মাস আগেও একবার একটি পাটাতন মেরামত করেছিল সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।
লেছড়াগঞ্জ বাজার সংগীতা ফার্মেসির মালিক সুশান্ত হালদার বলেন, সিমেন্ট বা ইট বোঝাই ট্রাক বা ভারী যানবাহন উঠলে দুই পাশে যানযট লেগে যায়। তিনটি পাটাতনের অবস্থা খুবই বাজে। এক মোটরসাইকেল চালক পরে আহত হয়েছেন। ব্রিজটি দ্রুত মেরামত করার দাবি জানাই।
পরিবেশ সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গ এর সভাপতি ও স্কুল শিক্ষক মো. ওয়াহিদুর রহমান বলেন, “নিয়মিত এই সেতু দিয়ে চলাচল করি । এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সামান্য ইজিবাইকে উঠলেও সেতুর পাটাতন অনেক বেশি কাত হয়ে যায়।”
ইজিবাইক চালক মনির মিয়া বলেন, “প্রতিদিন ইজিবাইক ও ছোট বড় ট্রাক, কাকড়া গাড়িসহ কয়েকশ যানবাহন সেতুটি দিয়ে চলাচল করে। ঈদের সময় চাপও পড়েছে। “ইজিবাইক তুলনামূলক কম ওজনের হলেও ক্ষতিগ্রস্ত পাটাতনে উঠলেই একপাশে অনেক কাত হয়ে যায়। এতে অনেক সময় যাত্রীরা ভয় পান।”
মানিকগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, “বিষয়টি কিছুক্ষণ আগে আপনার মাধ্যমে জানলাম। সেতুটির পাটাতন মেরামতে কিছুক্ষণের মধ্যে আমাদের স্টাফ যাবেন। আর তারা পরিদর্শন করে সাথে সাথে মেরামতে যা যা দরকার করবে।”




