slider

বেগমগঞ্জে বাবার জানাজা শেষে ছেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বাবার জানাজার ছয় ঘন্টা পর ছেলের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকার ছানা উল্যাহ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ছেলে মো.সুমন জানান, তার বাবা আনার উল্যাহ (৬৮) দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। এরপর লিভার নষ্ট হয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান। বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাবার জানাজা শেষ হওয়ার সাথে সাথে আমার বড় ভাই মাসুদ রানার (৪৬) হার্ট অ্যাটাক করে। পরে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে মতলব এলাকায় সে মারা যায়। নিহত মাসুদ রানা পেশায় একজন সিএনজি চালক এবং সে ২ সন্তানের জনক ছিল।

মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শামসুর রহমান বলেন, বাবার মৃত্যুর শোকে তার ছেলে মাসুদ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। চৌদ্দ ঘণ্টার ব্যবধানে বাবা–ছেলের মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী শোকাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button