ডাকাতের বন্দুক দেখেও ঘাবড়ালেন না কাবাব ব্যবসায়ী
সাঈদ আহমেদ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে কাবাব বেচেন। তার দোকানের নাম ইজিপ্শিয়ান কাবাব হাউস।
মুখোশ পরা ডাকাত যখন তার দোকানে ঢুকে বন্দুক উঁচিয়ে পয়সা দাবি করে তখন মিঃ আহমেদ অপেক্ষমান একজন ক্রেতার জন্য খাবার প্যাকেটে ভরছিলেন।
তিনি নির্বিকার মুখে ওই ক্রেতার হাতে খাবারের প্যাকেট তুলে দেন। ডাকাত তখনও অর্থের জন্য দাবি জানাচ্ছে।
“লোকটি তার ব্যাগ থেকে বন্দুক বের ক’রে আমার কাছে অর্থ দাবি করছিল,” বলেন মিঃ আহমেদ।
“আমি ব্যবসা করে খাই। আমার কাছে আমার খদ্দেরই আসল। আমার খদ্দের ফেলে আমি ডাকাতের দিকে মন দিই করে।”
মিঃ আহমেদ জানান লোকটি বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। খদ্দের চলে গেলে তিনি রান্নাঘরের ভেতরে ঢুকে ফোনে পুলিশ ডাকেন।
“লোকটি বোধহয় ঘাবড়ে গিয়েছিল – ভাবতেও পারে নি আমি তাকে পাত্তা দিচ্ছি না।”
“কিছুক্ষণের জন্য আমি অবশ্যই ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল ও আমায় গুলি করতে পারে। কিন্তু ভাবলাম গুলি যদি করে, তো সেটা আমার নিয়তি। আসলে আমাকে অমন ঠাণ্ডা দেখে লোকটি এতই অবাক হয়েছিল যে সে হঠাৎ ছুটে পালায়।”
স্থানীয় পুলিশ ফেসবুকে গোটা ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ প্রকাশ করে যা ১লাখ ৭০ হাজার মানুষ দেখেছে।
মিঃ আহমেদ বলছেন ওই ক্যামেরা ফুটেজ দেখার পর তিনি রাতারাতি স্থানীয় লোকেদের কাছে সেলিব্রিটি বা নায়ক হয়ে উঠেছেন।
“আমার মনে হয় না আমি খুব সাহসী মানুষ। আসলে ঘটনাটা আচমকা ঘটেছে আর কী হতে পারে তার গুরুত্বটা আমি বুঝে উঠতে পারি নি।”
বন্দুকধারী অবশ্য এখনও ধরা পড়ে নি।
বিবিসি




