
দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির জন্যে মাদ্রাসা শিক্ষা দায়ী নয় বলে জানিয়েছে ইসলামী ঐক্যজোট।বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় লোমহর্ষক সন্ত্রাসী হামলায় সন্দেহাতীতভাবে প্রমাণীত হয়েছে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির জন্যে ধর্মভিত্তিক রাজনীতি ও মাদ্রাসা শিক্ষা দায়ী নয়।
আপনারা কোন জোটের সাথে আছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জোট চেয়ারম্যান বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় ছিল। আমরা এই ইস্যুতে স্বতন্ত্রভাবে কাজ করছি। সব ইসলামী দলের সঙ্গে সমন্বয় করে আমরা একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই।
সংগঠনের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও গোঁড়ামির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এই ইস্যুতে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস নির্মূলে দেশ গঠনে পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে আগামীকাল শুক্রবার জুমার খুতবাপূর্ব বয়ানে জনমনে সন্ত্রাসবিরোধী চেতনা সৃষ্টির লক্ষ্যে পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে বয়ান এবং দেশের শান্তি ও সুস্থিতির জন্যে সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করার জন্যে ঐক্যজোটের পক্ষ থেকে দেশের সকল ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। আরো উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা জসিম উদ্দিন, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা জিয়াউল হক মজুমদার, সহকারি মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন প্রমুখ।



