ধামরাইয়ে ১০ হাজার শীতার্ত ও অসহায় পরিবার পেল শীতবস্ত্র

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে অসহায় ও শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ। তার ব্যক্তিগত উদ্যোগে গতকাল শুক্রবারসহ চারদিনে ধামরাইয়ের কালামপুর, বান্নাখোলা, বানিশ^র, কান্দাপাড়া, গোয়ালদী, ডাউটিয়া, বাদেগাওয়াইল, কাইটামারা, ভালুম, ভাড়ারিয়া, যাদবপুর ও পৌর এলাকায় শীতার্তদের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করেন আব্দুল লতিফ।
এসময় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, নান্নার ইউনয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার বাদশা, ভাড়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করিমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আব্দুল লতিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। তাই এ শীতে কোন মানুষ যেন কষ্টে না থাকে তার জন্য গত বছরের মতো এবারও আমি ব্যক্তিগত উদ্যোগে ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার শীতার্ত মানুষের মাঝে ৪০ হাজার কম্বল ও ৫ হাজার চাদর (শাল) বিতরণ করার কাজ শুরু করেছি। শুক্রবার পর্যন্ত ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। তিনি সামনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সকলের কাছে দোয়াও চান।




