মমতাজের সঙ্গে একই মঞ্চে সাবেক স্বামী রমজান প্রচারণায় নেই বর্তমান স্বামী

মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী তার সাবেক স্ত্রী জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগমের নির্বাচনী প্রচারণায় কোমর বেঁধে নেমেছেন। নির্বাচনী সভাগুলোতে মমতাজ বেগমের পাশের চেয়ারে বসে ভোটারদের কাছে মমতাজের জন্য ভোট চাচ্ছেন। শুধু তাই নয়, মমতাজের পক্ষ হয়ে নির্বাচনী জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহিউদ্দিনকে নানা কারণেই হুঁশিয়ারি দেন এবং দুইদিনের আল্টিমেটাম দিয়ে মমতাজের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। তবে মমতাজ বেগমের বর্তমান স্বামী ডা. মঈন হাসানকে নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি। বুধবার সন্ধ্যায় সাবেক স্ত্রী মমতাজ বেগমের নির্বাচনী এলাকা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নির্বাচনী জনসভার পুরো খরচ বহন করেছেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী। এর আগেও কয়েকটি নির্বাচনী জনসভায় মমতাজ বেগমের পাশের চেয়ারে বসে জনগণের কাছে সাবেক স্ত্রীর জন্য নৌকায় ভোট চান। মমতাজের প্রশংসা ও ১৫ বছরের ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন পৌর মেয়র রমজান আলী।
মমতাজের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী বাগানের লক্ষ ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর ফুলটি (মমতাজ) মানিকগঞ্জ-২ আসনের জন্য বেছে নিয়েছেন। এখানে যারা আওয়ামী লীগের নৌকার বিরোধিতা করবে তাদের মানিকগঞ্জ কেন বাংলাদেশে কোথাও ঠাঁই হবে না। পৌর মেয়র এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহিউদ্দীনকে বাওয়া আওয়ামী লীগ আখ্যা দিয়ে বলেন, বাওয়া আওয়ামী লীগ বললে অনেকের মন খারাপ হয়ে যায়। যারা বলেছে তারা সত্য বলেছে।
গোলাম মহিউদ্দিন ভাইকে বলতে চাই আপনাকে দুইদিনের সময় দিলাম হরিরামপুরসহ সারা মানিকগঞ্জের মানুষের কাছে মাফ চেয়ে মমতাজের নৌকার পক্ষে কাজ করুন। না হলে আপনাকে দেখিয়ে দেবো।
প্রায় ১০ মিনিটের বক্তব্যে পৌর মেয়র রমজান আলী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহিউদ্দিন ও হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ও কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের আরও অনেক নেতার সমালোচনা করেন। এছাড়া সাবেক স্ত্রী মমতাজ বেগমের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ঘরে মেয়র মোহাম্মদ রমজান আলীর দুই কন্যাসন্তান রয়েছে। গত পৌরসভা নির্বাচনে মেয়েরা তার বাবা রমজানের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন। এদিকে মমতাজের নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি বর্তমান স্বামী ডা. মঈন হাসানকে। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী কামরুল হুদা সেলিম, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, কণ্ঠশিল্পী রবি চৌধুরীসহ আরও অনেকে।
মানবজমিন




