slider

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, কর্মীদের মারধরের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান পোরশার তাঁতিপাড়া মোড়ে নিজ নির্বাচনি ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ উত্থাপন করেন।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান নওগাঁ-১ আসন (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) থেকে ট্রাক প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে রয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সংবাদ সম্মেলনে খালেকুজ্জামান বলেন, নওগাঁ-১ সংসদীয় আসনের নির্বাচনি এলাকা পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের তাতিপাড়া মোড়ে তার নির্বাচনি ক্যাম্প রয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নৌকা প্রার্থীর সমর্থকরা দুটি ভটভটি (ইঞ্জিন চালিত) নিয়ে এসে তাঁর নির্বাচনের ক্যাম্পের বাইরে লাগানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং ক্যাম্প ভাঙচুর করে। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে খালেকুজ্জামানের সমর্থক উপজেলার কার্তিকপুর গ্রামের খাইরুল ইসলাম, নুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে মারপিট করে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে পোরশা থানায় ভুক্তভোগী খায়রুল ইসলাম আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক হামলাকারী ব্যক্তিদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন। এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি আরো বলেন, এছাড়া খাদ্যমন্ত্রীর লোকজন তিন উপজেলার সকল স্থানে তার পোষ্টার, ব্যানার ছিড়ে ফেলছেন। তাই তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

পোরশা থানার ওসি আতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাটনগর এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button