নিয়ামতপুরে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পেঁয়াজের অতিরিক্ত দাম রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সদর বাজারে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস। অভিযানে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় গেলে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঠিক কারণ ও ক্রয় রশিদ দেখাতে না পারায় দুই দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বলেন, সারা দেশে চলমান অস্থির পেঁয়াজের বাজার।এ সুযোগে কিছু পেঁয়াজ ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছেন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ থানা পুলিশের একটি চৌকস টিক উপস্থিত ছিলেন।




