টি-২০ বিশ্বকাপের সিদ্ধান্ত অক্টোবরে

বিগত বছরগুলোতে দুই বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে আসলেও সিদ্ধান্ত নেয়া হয়েছিল পরবর্তীতে চার বছর পরপর বিশ্বকাপ হবে। সে হিসেবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ২০২০ সালে অস্ট্রেলিয়ায়। তবে দুই বছর নাকি চার বছর সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে অক্টোবরে, এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী।
চার বছর অন্তর বিশ্বকাপ হওয়ার সিদ্ধান্ত হলেও ভারতে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যপক সাফল্যের পর আবার দু’বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ভাবনা আসে আইসিসির। শনিবার শেষ হওয়া আইসিসি সভায় এ বিষয়ে আলোচনাও হয়। এডিনবরায় সভা শেষে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানান, আইসিসির সম্প্রচার স্বত্ব যাদের, সেই স্টার নেটওয়ার্কসের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।
প্রধান নির্বাহী বলেন, ‘সভায় প্রসঙ্গটি উঠেছিল। অন্তত ২০১৮ সালে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্যতা নিয়ে আইসিসি বোর্ড নীতিগতভাবে সমর্থন দিয়েছে। আইসিসির ভবিষ্যত সূচিতে ফাঁকা জায়গাও আছে, যেখানে এটি আয়োজন করার চিন্তা করছি আমরা। তবে স্টারের সাথে আমাদের চুক্তি আছে। ওদের সাথে আলোচনার ব্যাপার আছে। ওদের মতামত জানতে হবে। এরপরেই আমরা জানাতে পারবো।’
তবে অক্টোবরে চূড়ান্তভাবে জানাতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন ডেভ। তিনি বলেন, ‘এবারই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারলে ভালো লাগত। কিন্তু এখনও পুরো প্রস্তুত নই আমরা। স্টারের সাথে বিস্তারিত আলোচনার পর অক্টোবরে সিদ্ধান্ত নেয়া হবে।’
সম্ভাব্য স্বাগতিক হিসেবে আপাতত এগিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনকারী দেশ দক্ষিণ আফ্রিকা।
সূত্র : প্রিয়.কম




