
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেয়া জামিন আগামী ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল মো: সাইফুল আলম বলেন, সর্বোচ্চ আদালতের চেম্বার বিচারকের আদেশের পর মাহমুদুল কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
তিনি জানান, হাইকোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে আগামী ২০ নভেম্বর (সোমবার) সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে লিভ টু আপিল আবেদন করা হবে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির।
গত ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে জামালপুরের বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করা হয়।
এই মামলায় জামিন চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মাহমুদুলকে জামিন দেন।
মঙ্গলাবার হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।



