Uncategorized

মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামে ফরহাদ দেওয়ান (৬০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ির অদূরে চকের রাস্তার উপর পড়ে থাকা তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, রোববার রাতে তারাবির নামাজ আদায়ের পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। তাকে কেউ হত্যা করেছে নাকি হার্ট এ্যাটাকে মারা গেছেন, তা নিশ্চিত করতে পারেননি স্বজনরা। ওই গ্রামের মৃত মোকছেদ আলীর দেওয়ানের ছেলে ফরহাদ সিংগাইর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। স্বজন ও স্থানীয়রা জানায়, চার ছেলে তিন মেয়ের জনক ফরহাদ। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন তিনি। রোববার রাতে তিনি পাশের মসজিদে তারাবির নামাজ আদায় শেষে বাড়ি ফিরেন। এরপর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
সোমবার সকালে বাড়ির অদূরে ওই সড়কের ওপর তার লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশী। এর পরপরই স্বজনরা গিয়ে তা দেখে পুলিশে খবর দেয়। নিহতের ভাতিজা সিংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মিঠু জানান, তার চাচার পরণের পোশাক ছেঁড়া পাওয়া যায়নি। এ কারণে তাকে কেউ হত্যা করে লাশ সেখানে ফেলে রেখেছে নাকি হার্ট এ্যাটাক করে মারা গেছেন- তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক ধরণ জানা যাবে। এতে হত্যাকান্ড বলে প্রতিবেদন এলে হত্যা মামলা করা হবে বলেও জানান মিঠু।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button