বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা কমরেড আনোয়ার আলী সরকারের স্মরণসভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : শোষিত নিপীড়িত জনগণের মুক্তি সংগ্রামের আপোষহীন যোদ্ধা, আমৃত্যু বিপ্লবী কমরেড আনোয়ার আলী সরকার তার কর্মের মধ্যদিয়ে এদেশের মানুষের মধ্যে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।
৫ আগস্ট শনিবার বিকাল ৪টায় বিপ্লবী কমিউনিস্ট লীগের সাবেক জেলা সম্পাদক কমরেড আনোয়ার আলী সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে পার্টির জেলা সম্পাদক কমরেড আকতার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণ সভাটি পরিচালনা করেন সংগঠনের সদস্য রাসেল শাহিন। সভার শুরুতে প্রয়াত কমরেডের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণসভায় কমরেড আনোয়ার আলী সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু, কন্ট্রোল কমিশনের সদস্য কমরেড তুষার কান্তি রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি কমরেড মেহেরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, স্বারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সুলতানা কামাল উদ্দিন বাচ্চু, বাসদের জেলা সমন্বয়ক কমরেড কিবরিয়া হোসাইন, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক কমরেড মনিরুজ্জামান মনির,বাসদ(মাহবুব) -এর জেলা আহ্বায়ক কমরেড গৌতম কুন্ডু, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মরণসভায় বক্তাগণ বলেন, কমরেড আনোয়ার আলী সরকার ছাত্র জীবন থেকেই প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়ে আমৃত্যু এদেশের শ্রমিক কৃষক মধ্যবিত্ত ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি অতন্ত স্পষ্টভাষী এবং নিরহংকারী ছিলেন। সকল ধরনের লোভ-লালসা ও আপোষকামীতার উর্ধ্বে থেকেই তিনি সমাজতন্ত্র ও সাম্যবাদী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি এদেশের কমিউনিস্ট আন্দোলনে সকল ধরনের ডান ও বাম বিচ্যুতির বিরুদ্ধে নিরলস সংগ্রাম করে গেছেন। কোন ধরনের প্রলোভন তাকে আদর্শচ্যুত করতে পারেনি। বক্তাগণ বলেন, শোষিত নিপীড়িত জনগণের মুক্তি সংগ্রামের আপোষহীন যোদ্ধা, আমৃত্যু বিপ্লবী কমরেড আনোয়ার আলী সরকার তার কর্মের মধ্যদিয়ে এদেশের মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন।
স্মরণসভায় বক্তাগণ দেশের বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সকল বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।




