সবগুলো জরিপে এগোয়ে হিলারি

এগিয়ে আসছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময়কাল। প্রাইমারি মৌসুম শেষে মূল লড়াইয়ে ডেমোক্র্যাট দলের হয়ে হিলারি ক্লিনটন আর অন্যদিকে রিপাবলিকানদের হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাই বেশি। মূল লড়াইয়ের আগেই বিভিন্ন গণমাধ্যম ও সংস্থা বিভিন্ন জরিপ পরিচালনা করছে। আর সেই জরিপগুলোতে এগিয়ে আছেন সাবেক ফাস্ট লেডি হিলারি ক্লিনটন।
প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্রিক সবগুলো জরিপে ট্রাম্পের চেয়ে স্পষ্টত এগিয়ে আছে হিলারি। হিলারির জন্য সবচেয়ে আশার কথা হলো, সময় যতো গড়াচ্ছে ট্রাম্পের সাথে তাঁর ব্যবধান ততো বাড়ছে। এর মধ্যে ফোন সার্ভে ফ্রম দ্য অ্যামেরিকান রিসার্চ গ্রুপ-এর জরিপে হিলারি সর্বোচ্চ ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন আর সবচেয়ে কম ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে মর্নিং কনসাল্ট পোল-এর জরিপে।
হিলারির জয়জয়কার সবখানে। বিশ্লেষকরা মনে করছেন, জাতিগত বিদ্বেষের কারণে পিছিয়ে পড়ছেন ট্রাম্প। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন/ওআরসি ও মনমাউথ বিশ্ববিদ্যালয়ের জরিপে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে হিলারি। আর এনবিসির জরিপে হিলারি এগিয়ে আছেন ৭ পয়েন্টের ব্যবধানে।
ফ্লোরিডায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পর বিভিন্ন জরিপে পিছিয়ে পড়ছেন ট্রাম্প। হাফিংটনপোস্ট পোলস্টার মডেলে ৪৫শতাংশ ভোট পেয়ে ৭ পয়েন্টে এগিয়ে হিলারি। অন্যদিকে নানা বিতর্কের জন্ম দেয়া ট্রাম্প ৩৮ শতাংশ সমর্থন পেয়েছেন। অনেকে মনে করছেন ট্রাম্পের জনপ্রিয়তা কমার পেছনে ল্যাটিনো বিচারক সম্পর্কে অপ্রীতিকর মন্তব্যও অনেকটা দায়ী।




