ঘিওরে শিয়ালের কামড়ে প্রাণ গেল শিশু ফারজানার

নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে শিয়াল ও হিংস্র কুকুরদলের আক্রমনে ফারজানা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পয়লা ইউনিয়নের চক্পাড়া গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় এঘটনা ঘটে।
পুলিশ ও স্বজন মারফত জানা গেছে, বাইলজুরী (চক্পাড়া) গ্রামের দিনমজুর মোঃ ফিরোজ আলমের মেয়ে ফারজানা (৬)। সে পয়লা স্টেপ কেজি স্কুলের নার্সারী শ্রেণীতে পড়ালেখা করতো। শিশু ফারজানা প্রতিদিনের মত দূপুর ২টার দিকে খেলাধূলা করার জন্য বাড়ি থেকে বের হয়। একই গ্রামের সাথী বেগম(২৬) মরিচ ক্ষেতে বিকাল ৫টার দিকে ঘাস কাটার জন্য যায়। একপর্যায়ে পাশের ভূট্টা ক্ষেতে ফারজানার ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে সে দৌড়ে এসে এলাকার লোকজনকে খবর দেয়। বাড়ি থেকে প্রায় ৩/৪শ গজ উত্তরে ভূট্টা ক্ষেত থেকে লোকজন লাশ উদ্ধার করে। শিশু ফারজানার মাথার ডান পাশের পিছনের অংশে শিয়ালের কামড়ে গর্ত হয়ে মাথার মগজ বেড়িয়ে আসে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারনে সে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী জানায়, শিয়াল বা কোন হিংস্র কুকুরে মাথায় কামড়ে শিশুটিকে মেরে ফেলেছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।




