দীর্ঘ ২০ বছর পর রাজারহাট উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : দীর্ঘ ২০ বছর পর বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন। রোববার ছাত্রলীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশক্রমে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন (নয়ন) স্বাক্ষরিত ২১ সদস্যবিশিষ্ট রাজারহাট উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেন। এতে সুমন কুমার রায়কে সভাপতি ও মো. রিয়াজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ জনকে সহ-সভাপতি ৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ২ জনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুনুর মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সদর যুবলীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য সাংবাদিক মো. এনামুল হক, প্রেস ক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছালাম অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, রাজারহাট উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন ২০০২ সালে অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ২০ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে কার্যক্রম চলে আসছে। চলতি বছর গত ২০শে মার্চ বাংলাদেশ ছাত্রলীগের রাজারহাট উপজেলা শাখার সম্মেলন সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে প্রথম অধিবেশন সম্পন্ন করে ২য় অধিবেশনে আর কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি।




