প্রতিবন্ধী আমির হোসেনকে পিটিয়ে হত্যাকারিদের আটক ও ফাঁসি দাবিতে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামে এক শারীরিক প্রতিবন্ধী আমির হোসেনকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা ও হত্যা পরবর্তী হামলার সাথে জড়িত সকলকে আটক ও ফাঁসি দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। হত্যা ও হামলার দায়ে পুলিশ ঘাতক ওসমান গনি ওরফে নাসিম ডাক্তার সহ ৫ জনকে আটক করেছে কিন্তু অন্যান্য অপরাধীরা পলাতক রয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন মোঃ রিপন মুন্সি, আকতার হোসেন মুন্না, নিহতের স্ত্রী লুৎফা বেগম, মেয়ে মামলার বাদী সালমা বেগম প্রমুখ। গত মঙ্গলবার ভোরে শারীরিক প্রতিবন্ধী আমির হোসেন (৬৫) হুইলচেয়ারে করে নিকটবর্তী তাঁর মেয়ের বাসা দেখতে গেলে ওসমান গনি ওরফে নাছিম ডাক্তার তাকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করে, ঘটনা সিসি ক্যামেরা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভুঞা জানান, দীর্ঘ দিন ধরে দুপক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল তাঁরা আপন মামাতো ফুফাতো ভাই।সকালে প্রতিবন্ধী আমির হোসেন (৬৫) হুইলচেয়ার দিয়ে বাড়ির পাশে রাস্তায় এলে ওসমান গনি ওরফে নাসিম ডাক্তার তাঁকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তী দুপক্ষের সংঘর্ষে আহতদের কুমিল্লা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর ভর্তি করা হয়। হত্যাকান্ডের ঘটনায় আমির হোসেনের মেয়ে সালমা আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।




