বন্ধ হলো মালয়েশিয়ার ইসলামি এয়ারলাইন্স

ইসলামি এয়ারলাইন্স শ্লোগান নিয়ে গত ডিসেম্বরে যাত্রা শুরু করে মালয়েশিয়ার রায়ানি এয়ারলাইন্স। বিমান পরিচালনার সব নিয়ম কানুন ঠিকঠাক মানতে না পারার দায়ে এয়ারলাইন্সটি বন্ধ করে দিয়েছে সরকার।
রায়ানি এয়ারলাইন্স মালয়েশিয়ার অভ্যন্তরে চলাচল করতো। ভবিষ্যতে দেশের বাইরেও ফ্লাইট চালু করার পরিকল্পনা ছিলো তাদের।
রায়ানি এয়ারলাইন্স বন্ধ করা বিষয়ে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, ‘প্রশাসনিক পর্যায়ে আলোচনার পর এয়ালাইন্সটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
রায়ানি এয়ারলাইন্সের বিরুদ্ধে অভিযোগ, বিমান চলাচলে তাদের যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা উচিত, সেটা তারা করেনি বা পারেনি।
গত ডিসেম্বরে কার্যক্রম শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি তাদের বিমানে হালাল খাবার সরবারহ করতো, মদ বা এ ধরনের কোনো পানীয় তারা তাদের বিমানে রাখতো না এবং তাদের কর্মীরা রক্ষণশীল পোশাক পরিধান করে দায়িত্ব পালন করতো।




