বাউফলে চেতনা নাশক প্রয়োগ করে অর্থ সহ স্বর্ণালঙ্কার লুট

মো. দুলাল হোসেন, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে চেতনা নাশক প্রয়োগ করে অর্থসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, সূর্যমনি ইউনিয়নের গুলবাগ ফরাজি বাড়ির দুই বাসায় দুর্বৃত্তরা চেতনা নাশক ঔষধ দিয়ে ৪ মহিলা ও ১ জন পুরুষসহ ৫ জনকে অচেতন করে নগদ টাকাসহ ৭-৮ ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।
ওই বাড়ির গৃহিণী মোসারং দিলরুবা ইয়াসমিন জানান, ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে তারা নৈশভোজ সেরে ঘুমিয়ে পরেন। এর পরের দিন (শুক্রবার ২৬ মে) সকাল সাড়ে ৯টায় তার ঘুম ভাঙ্গলে নিজেকে হাসপাতালে দেখতে পান। অন্য ৪ জন তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন,‘খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে বা চেতনানাশক স্প্রে ছিটিয়ে তাদেরকে অচেতন করা হয়।’
এদের মধ্যে বজলুর রহমান ফরাজী(৭৬), হাবিবা আক্তার(১৫) ও মিনারা বেগমকে(৫৩) বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিলরুবা ইয়াসমিন(৪০) ও মেহেরুননেছা(৬০) বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন,‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




