খাগড়াছড়িতে বিএনপির নেতা নোমানের গাড়িবহরে হামলা

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলা বিএনপি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার অভিযোগ, শুক্রবার দুপুর ২টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সমাবেশে যোগ দিকে আসার পথে পুলিশের সামনে এ হামলা ঘটে।
তিনি দাবি করেন, হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজাসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছে।
খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা জবাব দিয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শহরে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র : ইউএনবি




