চাচা ইন ভাতিজা আউট, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকার মনোনয়ন পাওয়ায় বরিশাল নগরীতে আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা। ফলে মেয়র পদে চাচা ইন আর ভাতিজা আউট হলেন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষণার পর বরিশাল নগরীতে পৃথক পৃথক আনন্দ মিছিল বের হয়। এছাড়া দুপুর ২টার পর বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র কর্মপরিষদের ভিপি মঈন তুষারের নেতৃত্বে বৈদ্যপাড়া এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়।
নগরীর সদর রোড এলাকায় ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারের নেতৃত্বে শুভেচ্ছা জানিয়ে মিছিল করা হয়েছে। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এছাড়া ইফতারের পরপর নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল, বিএম কলেজসহ বিভিন্ন এলাকায় সেরনিয়াবাত নৌকার মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ করেন নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করেন ৭ জন। এর মধ্যে বেশি আলোচনায় ছিলেন বর্তমান মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার আপন চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। সকল জল্পনা-কল্পনা শেষে নৌকার মাঝি করা হয়েছে খোকন সেরনিয়াবাতকে।
ইত্তেফাক




