জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে-ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি,  মানিকগঞ্জ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাভারের নবীনগর থেকে ঢাকা-আরিচা মহাড়কের মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পর্যন্ত দুই লেনের মহাড়কটি চার লেনে উন্নীত করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে এর সম্ভাব্য যাচাইয়ের কাজ করবে এডিবি।

তিনি শুক্রবার দুপুরে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় সড়ক ও জনপথের প্রায় চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পরিদর্শন বাংলো পদ্মা-যমুনার উদ্বোধনকালে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব এম এ এন সিদ্দিক, সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, ঢাকা সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ  উদ্দিন খান, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফজুর রহমান, সওজের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি বছরের বাজেট নিয়ে বিএনপির প্রতিক্রিয়ায় মন্ত্রী আরো বলেন, সরকার বিরোধীরা সব সময়ই বাজেটকে গণ বিরোধী হিসেবে আখ্যায়িত করে। আর বিএনপি বরাবরই এই বাজেটকে গণবিরোধী বলে আসছে।

পরিবহনের চাঁদাবাজির বিষয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজির বিষয়ে সরকারের মনোভাব কঠোর। এর সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আসন্ন ঈদের প্রস্তুতি সম্পর্কে অন্যান্য বছরের তুলনায় এবার রাস্তার অবস্থা ভালো বলে ভোগান্তি মাত্র সহনীয় বলে জানান।

এদিকে  ইউপি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দলীয় প্রতীকের প্রথম নির্বাচন এবং অতিমাত্রায় বিদ্রোহী প্রার্থী থাকার কারনেই নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে বিদ্রোহীর প্রবণতা কমে যাবে। কারণ যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী  হয়েছেন এবং যারা তাদের উস্কানি দিচ্ছেন তারা জানে না তাদের বিরুদ্ধে প্রধান মন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থানে। প্রধান মন্ত্রী নির্দেশ অনুযায়ী তাদের তালিকা তৈরী হচ্ছে। তারা অচিরেই টের পাবে বিদ্রোহী করা এবং উস্কানি দেওয়ার পরিনতি কি হয়।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক ছিল প্রতি দিনের মরণ ফাঁদ। এটা বন্ধ হয়ে গেছে। এখন যেসব দুর্ঘটনা হচ্ছে, তার বেশির ভাগই মহাসড়কের অটোবাইক ও হ্যালোবাইক চলাচলের কারণে। এসব গাড়ি উঠবেন না বলেও যাত্রীদের আহ্বান জানান মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button