slider

পাথরঘাটাগামী বাস খাদে পড়ে নিহত ১ আহত ২৫

মাহতাবুর রহমান, বরগুনা প্রতিনিধি : ঢাকা থেকে বরগুনা জেলার পাথরঘাটার উদ্দেশ্যে যাওয়ার পথে ২০ মার্চ সোমবার গভীর রাতে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী নামক স্থানে ইমাদ পরিবহন (ঢাকা-মেট্রো-১২-১৩২৯) নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। ঢাকার সায়েদাবাদ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে বাসটি রওয়ানা দিয়েছিল। বাসটি খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং ২৫ যাত্রী গুরুতর আহত হন। জানা যায় নিহত ওই ব্যাক্তি মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের ভূপেন্দ্রনাথ মিত্রের ছেলে, নাম অবিনাশ মিত্র পেশায় আইনজীবী। তিনি ঢাকায় ছেলের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার রাতে বাসযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন।

গুরুতর আহত অবস্থায় পাথরঘাটার কাপড়ের ব্যবসায়ী নূরআলম (৪৫) ও লেপ তোষকের দোকানদার মিজান (৪০) এবং মঠবাড়িয়ার আরিফ হোসেন (৪০), হেলেনা বেগম (৫০), সাব্বির হোসেন (১৪), শামিম মিয়া (২৪) আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমাদ পরিবহনের ঢাকার গাজীপুর কাউন্টারে থেকে জানা যায় সেখান থেকে গাড়িটি সায়েদাবাদের উদ্দেশ্যে বিকাল ৪ টায় ছেড়ে গেছে। সায়েদাবাদ কাউন্টার জানা যায় সেখান থেকে ড্রাইভার বদল না করে রাত ৯টা ২০ মিনিটে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে ইমা পরিবহনের ওই বাসটি। আহত এক যাত্রী বলেন দীর্ঘসময় বাসটি একই চালক দ্বারা চালানোর কারণে রাতে পিরোজপুরের ভান্ডারিয়া অতিক্রম করার পরে চালক অনেকটা অসুস্থ বোধ করেন এবং বাসটি বেপরোয়া গতিতে চালানোর সময় যাত্রীরা জোর আপত্তি জানায়। এ সময় যাত্রীদের অনুরোধ উপেক্ষা করে বাসচালক ফের গাড়িটি বেপরোয়া গতিতে চালাতে থাকলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার খাদে পরে যায়। মঠবাড়িয়া স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনার শিকার হয় বাসটি।

প্রত্যক্ষদর্শী পাথরঘাটার বাসযাত্রী রেজাউল জানান, ঢাকার সায়েদাবাদ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে ওই বাসটি ছেড়ে পাথরঘাটা ভায়া মঠবাড়িয়ার উদ্দেশ্য আসছিলো। রাতে আড়াইটার দিকে মঠবাড়িয়া শহরের উত্তর মিঠাখালী নাম স্থানে পৌঁছলে হঠাৎ করে গাড়িটি সড়কের বামপাশে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় ২৫ যাত্রী গুরুতর আহত হন।

গ্রামবাসী আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুয়েত প্রবাসী হাসপাতালে ভার্তি করেন। এর মধ্যে গুরুতর আহত আইনজীবী অবিনাশ মিত্র মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাসটিকে আটক করে। সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button