নাটোরে আওয়ামী লীগের মনোনয়ন পেতে নবীনদের ব্যাপক দৌড়ঝাপ শুরু

নাটোর প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের আরো এক বছর বাকী থাকলেও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে নবীনদের ব্যাপক দৌড়ঝাপ শুরু হয়েছে। সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে সোমবার বিকেলে বিশাল মোটর শোভাযাত্রা করেছেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। বাগাতিপাড়ার সোনাপুর এলাকা থেকে শুরু করে মোটর শোভাযাত্রাটি লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রায় শত শত মোটর সাইকেল, পিকআপ ও মাইক্রোবাসে দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কুদ্দুস স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে ব্যাপক স্বেছাচারিতা, দলের মধ্যে উপদল ও কোন্দল সৃস্টি, সংসদীয় এলাকার দুটি উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনে নিজের অনুসারীদের দিয়ে মূল কমিটির বিরুদ্ধে পালটা কমিটি তৈরী, স্থানীয় সরকার নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়া ও নানা দূনীর্তি অনিয়মের অভিযোগ তুলে আগামী সংসদ নির্বাচন এমপি বকুলকে মনোনয়ন না দেয়ার দাবী জানান। নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন বকুলের দিন শেষ, আগামী সংসদ নির্বাচনে দল এবার তাকেই মনোনয়ন দিবেন বলে তিনি শতভাগ বিশ^াস রাখেন। এর আগে একই ভাবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে বিশাল মোটর শোভাযাত্রা করেছেন লালপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।




