মাধবপুর মহাসড়কে দুর্ঘটনায় কেড়ে নিল ৫ প্রাণ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার ভোররাত ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহপুর এলাকায় ম্যাটাডোর ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাদানগাও গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান শিহাব (১৫), কুলাউড়ার কমলাছিলা গ্রামের ছাদির আলীর ছেলে মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), কমলগঞ্জ থানার বেড়াছড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২) ও সাদিয়া আক্তার।
নিহতদের মধ্যে এক শিশু রয়েছে বলে পুলিশ জানালেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে বিদেশফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজার কুলাউড়া যাওয়ার পথে ভোর ৪টার দিকে নোয়াপাড়া ম্যাটাডোর কোম্পানির সামনে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং আহত হন আরো ছয়জন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজে পাঠালে সেখানে আরো দুজন মারা যায় বলে জানান নিহতের স্বজনরা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, ঢাকা থেকে মাইক্রোবাসে বিদেশ ফেরত যাত্রীকে নিয়ে মৌলভীবাজার আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ম্যাটাডোর কোম্পানির সামনে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে সিলেটে পাঠিয়েছে।




